চীনে জুলাই থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশটির এক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রের প্রধান ঝেং ঝংগুই রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা সিসিটিভিকে জানিয়েছেন, স্বাস্থ্য কর্মী এবং সীমান্ত রক্ষীদের জন্য জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিয়েছে। ভ্যাকসিন টাস্কফোর্সের নেতৃত্বে থাকা ঝেং ঝংগুই বলেন, সীমান্ত রক্ষীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তবে কতজন এবং কাদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তা জানা যায়নি। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ঝেং ঝংগুই বলেন, আইন অনুযায়ীই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ স্বাস্থ্যের জরুরি সংকটের সময় অননুমোদিত ভ্যাকসিন ব্যবহারের অনুমতি আছে।
প্লাজমা থেরাপির অনুমোদন যুক্তরাষ্ট্রে
করোনা ভাইরাস রোগীদের চিকিত্সায় প্লাজমা থেরাপি ব্যবহার করার জন্য জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রেই এর মধ্যে ৭০ হাজারের বেশি মানুষের ওপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিত্সায় মৃত্যুর হার ৩৫ শতাংশ কমতে পারে। - ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ও বিবিসি