অনলাইন সেলিব্রিটি

এই সময়ের ছড়া

শরীফ আস-সাবের

 

লকডাউনে সারাটা দিন ঘরেই তিনি থাকেন,

কমপিউটার মনিটরে চোখটি মেলে রাখেন।

মিটিং-ফিটিং, লবিং-ডবিং অনলাইনেই সারেন,

ব্যবসাপাতির কলকাঠিও ওখান থেকেই নাড়েন।

ধানাইপানাই, বাজার-সদাই ভারচুয়ালি করেন,

যা খুশি তা মজুত করে ভাঁড়ার ঘরে ভরেন।

যখন তখন লাগলে কিছু পাইক-পেয়াদা ডাকেন,

জাপান থেকে মাস্ক এনে তাই ঘরেই পরে থাকেন।

 

ইটালিয়ান চায়ের দোকান দিয়ে জীবন শুরু,

এখন তিনি শেয়ারবাজার কেলেংকারির গুরু।

আদম পাচার করে গড়েন বিশাল টাকার পাহাড়,

ইনস্টাগ্রাম ফেইসবুকে তার নানান ছবির বাহার!

রাজনীতিতে সরব তিনি, সংসদেও বসেন,

দেশ দরদের নাম ভাঙিয়ে লাভের হিসাব কষেন।

সব মহলেই উনার আছে অবাধ যাওয়া-আসা,

হোয়াটসঅ্যাপে তাই শেয়ার করেন মিষ্টি ভালোবাসা।

 

বিনোদনের জন্য খোলেন ইউটিউব চ্যানেল,

সেজেগুঁজে লাইভে আসেন তিনি ও তার প্যানেল।

সব বিষয়েই পটু তিনি, তিনি জ্ঞানের জাহাজ,

টকশোতে দেন মিথ্যা বয়ান, করেন তুমুল বাহাস।

ফলোয়ারের সংখ্যাও তার নয়তো যেমন তেমন,

দুই মিলিয়ন পার হয়েছে, বুঝুন ঠ্যালা কেমন!

ট্রাম্প সাহেবের ভক্ত তিনি, মোদীর মহা চেলা

টুইটারে তাই তাদের স্তুতি করেন সারা বেলা।

 

ডিগবাজি আর ঠগবাজি তার দুইটি আসল পেশা,

মদ, জুয়া আর চরস গাঁজায় আছে ঈষত্ নেশা।

অনলাইনেই আকাম করার উপায় খুঁজে পেয়ে—

মনের সুখে নাচেন তিনি পাঞ্জাবি গান গেয়ে!