ইত্তেফাক রিপোর্ট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের সঠিক তথ্য জানা থাকলে অভিবাসন খাতে দালালের দৌরাত্ম্য কমে যাবে। কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা বিদেশে যেতে চান তারা যেন অবশ্যই বৈদেশিক কর্মসংস্থানের সঠিক নিয়মকানুন ও যাবতীয় তথ্য জেনে তারপর যান। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিকে গতকাল গণমাধ্যমকর্মীদের জন্য আইসিএমপিডি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সুষ্ঠু শ্রম অভিবাসনের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সরকার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে চায়। ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিএমপিডি) কান্ট্রি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।