ছাত্রলীগ নেতা এনামুলের খুনিদের গ্রেফতারের দাবিতে কামারখন্দে মানববন্ধন

পঁচাত্তর পরবর্তী সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মীর উদ্যোগে কামারখন্দ উপজেলার নান্দিনামধু আমতলা মোড়ে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল তিনটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জামতৈল স্টেশন চত্ত্বরে এই কর্মসূচির পালনের স্থান নির্ধারণ করা হলেও পুলিশি বাধার কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেছেন। 

অপরদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আইন-শৃ্খংলা পরিস্থিতিজনিত কারণে উপজেলার মোড়ে মোড়ে পুলিশি পাহারা জোরদার এবং কর্মসূচি পালনের স্থান সরিয়ে নেওয়া হয়েছে। মানববন্ধন কর্মসূচি থেকে ৭৫ এর ১৫ আগস্টের বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড সাজাপ্রাপ্ত আসামি খুনি তারেক জিয়াসহ সকল আসামিরর বিচারের রায় দ্রুত কার্যকর ও জামাত-শিবির, বিএনপি থেকে অনুপ্রবেশকারীদের হাতে কামারখন্দের সন্তান সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্রনেতা এনামুল হক বিজয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির মাসে কোটি টাকার চাঁদাবাজি

এতে সভাপতিত্ব করেন-সাবেক ছাত্রনেতা কামারখন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী। কর্মসূচিতে নিহত ছাত্রনেতা এনামুল হক বিজয়ের পিতা আব্দুল কাদের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। 

এছাড়াও সাবেক ছাত্র নেতা, কাজিপুর পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, পিয়ার চৌধুরী, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুল হাকিম, রাশেদ ইউসুফ জুয়েল, জিহাদ আল ইসলাম, জাকির হোসেন, জাকিরুল ইসলাম লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আশরাফুল সাঈদী হীরা প্রমুখ বক্তব্য দেন। 

এছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৬ জুন সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এএএম