যুবাদের অভিজ্ঞতায় আরো সতর্ক বিসিবি

করোনা পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের করোনা পরীক্ষা বড় অভিজ্ঞতার ক্ষেত্র হয়ে ধরা দিয়েছিল বিসিবির জন্য। ২৬ ফুটবলারের ১৮ জনই করোনা পজিটিভ হয়েছিলেন। তারপরই আবাসিক ক্যাম্পের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের করোনা পরীক্ষার আগে ক্রিকেটার, কোচদের সাত দিনের আইসোলেশনের ব্যবস্থা নিয়েছিল বিসিবি। তাতে ফলও এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় তিন পর্বের পরীক্ষায় এক যুবা ক্রিকেটার ছাড়া সবাই নেগেটিভ হয়েছিলেন।

গত ১৮ আগস্ট প্রথমবার পজিটিভ হওয়া ক্রিকেটার ইফতেখার আহমেদ ইফতিও ৪৮ ঘণ্টা পরই আবার নেগেটিভ হন। গতকাল তার তৃতীয় বারের পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। দ্রুতই বিকেএসপিতে ক্যাম্পে যোগ দিবেন ইফতি।

শ্রীলঙ্কা সফরের জন্য অচিরেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। ইফতির ঘটনা থেকে আরো সতর্ক অবস্থানে যাচ্ছে বিসিবি। আগেই বলা হয়েছে, মুমিনুল-মুশফিকদের করোনা পরীক্ষা হবে তিন বার। যার মধ্যে দুই বারই স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারিভাবে করা হবে। তৃতীয় বারের পরীক্ষা হবে বিসিবির ব্যবস্থাপনায়। এক্ষেত্রে নিজেদের বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানে করবে বিসিবি।

গতকাল বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। খুব কম সময়ের ব্যবধানে ইফতির পজিটিভ-নেগেটিভ হওয়ার কারণে জাতীয় দলের পরীক্ষায় কিছুটা পরিবর্তন আনবে বিসিবি। সূত্র জানায়, ‘হ্যাঁ, জাতীয় দলের ক্ষেত্রে একটু পরিবর্তন করবো আমরা। অফিসিয়ালি দুই বার আমরা সরকারিভাবে পরীক্ষা করবো। আরেকটা টেস্ট আমরা নিজেদের নির্ভরযোগ্য জায়গায় করবো।’ আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম দফা করোনা পরীক্ষা হতে পারে মুমিনুলদের।