তালায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- তালা উপজেলার খলিলনগর গ্রামের মৃত শরিফ হোসেনের ছেলে বৃদ্ধ ঈমান আলী (৯০) ও একই উপজেলার সেনেরগাতি গ্রামের মৃত জিতেন্দ্র নাথের ছেলে প্রশান্ত নাথ (৪০)। এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন অন্তত ৮১ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ২১ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার খরিলনগর গ্রামের ঈমান আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
আরো পড়ুন : ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
এদিকে, করোনার উপসর্গ নিয়ে একই উপজেলার সেনেরগাতি গ্রামের প্রশান্ত গত ১৯ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি