নৈশকোচ থেকে অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নৈশকোচ থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে ঢাকাগামী নৈশকোচে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে চাপাতি, চাকু ও দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা বাসে ডাকাতির উদ্দেশ্যে খুলনা থেকে যাত্রীবেশে বাসে ওঠে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। কাশিয়ানী থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে।