সেক্টর কমান্ডার সিআর দত্তের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তর (সিআর দত্ত) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুুক্তিযুদ্ধে সিআর দত্তের অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। দেশ স্বাধীনের পরে তিনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তা বড়ো অবদান রেখেছে। একে একে মুুক্তিযুদ্ধের বীর সেনানীদের মৃত্যুবরণ আমাদের দেশে বড়ো শূণ্যতার সৃষ্টি করছে। সিআর দত্তের মৃত্যুতে সেই শূণ্যতা আরও বেড়ে গেলো।

আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য সিআর দত্তসহ যে বীর সেনানীরা যুদ্ধ করে জীবন দিয়ে গেছেন তাদের স্মৃতিকে সবসময় স্মরণ রাখা এবং আমাদের নতুন প্রজন্মের কাছে তাদের বার বার উপস্থাপন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

সিআর দত্ত মুক্তিযুদ্ধের পরে স্মৃতিগুলো যেভাবে রোমান্থন করতেন ঠিক একইভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে বাংলাদেশ যে কঠিন সময় পার করেছে ইতিহাসের সেই অন্ধকার দিকগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন।

সিআর দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সিআর দত্ত।

ইত্তেফাক/এসি