যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি না করলে তাকে হারানো যাবে না। আর রিপাবলিকানরা বলছেন, ভোটে জো বাইডেন জিতলে দেশে উগ্র সমাজতন্ত্রের আবির্ভাব হবে এবং দেশে অরাজকতা সৃষ্টি হবে। খবর সিএনএন, রয়টার্স ও ডয়চেভেলের
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডাকযোগে ব্যালটের মাধ্যমে কারচুপির চেষ্টা করছেন ডেমোক্র্যাটরা। তারা করোনা ভাইরাসকে ব্যবহার করে ভোটে জালিয়াতির রাস্তা খুঁজছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ডাকযোগে ভোট হচ্ছে জালিয়াতির সবচেয়ে ভালো উপায়। বস্তুত, মার্কিন গৃহযুদ্ধের সময় থেকে ডাকযোগে ব্যালটের প্রচলন আছে আমেরিকায়। সেনা, প্রশাসনিক কর্মকর্তারা এই ব্যালটের মাধ্যমে বহু দিন ধরে ভোট দিয়ে আসছেন। ট্রাম্প এবং তার পরিবারও এই ব্যালটে ভোট দিয়েছেন। কিন্তু এখন তিনি কোনো যুক্তি মানছেন না। ট্রাম্প বলেছেন, তিনি হারলে ধরতে হবে ভোটে কারচুপি হয়েছে।