সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। জনদুর্ভোগ সহ্য করা হবে না। শীততাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে বসে না থেকে সরেজমিন প্রকল্প এলাকায় গিয়ে কাজ করুন। সড়কে ভোগান্তির বিষয়ে অর্থমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও সংশ্লিষ্ট এলাকার এমপিগণ অভিযোগ করেন। প্রধান বিচারপতি অভিযোগ করেছেন। কেন বারবার অভিযোগ শুনতে হবে? এই অভিযোগের দায় এড়াতে পারছি না। মহাসড়কের পথে পথে ময়লা-আবর্জনা পোস্টার ফ্যাস্টুন সরানো হচ্ছে না। এসব নিয়ে কোনো ধরণের অজুহাত চলবে না।
মঙ্গলবার কুমিল্লা সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লা জোনের অধিভূক্ত ছয় জেলার উন্নয়ন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে জোনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক ফোরলেন মহাসড়ক প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত এ কাজ এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, নিষেধ করার পরও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে ময়লা-আবর্জনা ও পোস্টার ব্যানার কেন থাকবে। এসব পোস্টর ব্যানার যার-ই হোক না কেন তা সরিয়ে ফেলতে হবে। এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে শতভাগ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং যানবাহনে দাড়িয়ে যাত্রী নেয়া যাবে না। মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মানবিকতার বিবেচনায় বিশ্বের কাছে বাংলাদেশের ভূমিকা উজ্জ্বল হয়েছে। তবে এ সংকট দীর্ঘস্থায়ী হওয়ায় আমাদের পরিবেশ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় ভিডিও কনফারেন্সে অংশ নেন সড়ক বিভাগ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কুমিল্লা) রানা প্রিয় বড়ুয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নোয়াখালী) আবদুর রহিম, নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (নোয়াখালী) বিনয় কুমার পাল, নির্বাহী প্রকৌশলী (লক্ষ্মীপুর) শুব্রত দত্ত, নির্বাহী প্রকৌশলী (ফেনী) আহসান উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ব্রাহ্মণবাড়িয়া) পঙ্কজ কুমার ভৌমিক, নির্বাহী প্রকৌশলী (চাঁদপুর) মনোয়ারুল ইসলাম, কুমিল্লা বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী মান্নান, বিআরটিসি কুমিল্লা ডিপো ম্যানেজার কামরুজ্জামান প্রমুখ। এছাড়া ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেনসহ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
ভিডিও কনফারেন্সে কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী বলেন, এই জোনে ২ হাজার ৫০০ কিলোমিটার এবং কুমিল্লা জেলায় ১ হাজার ৭৮২ কিলোমিটার রাস্তা রয়েছে। কুমিল্লা শহরের টমছমব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ফোরলেন মহাসড়কের নির্মাণ কাজের চারটি প্যাকেজের মধ্যে লালমাই-লাকসাম প্যাকেজের কাজ সময়মত শুরু করা যায় নি। এ প্যাকেজের এলাইনমেন্ট পরিবর্তন নিয়ে সিদ্ধান্তহীনতার জন্য কাজের দরপত্র আহবান করতে দেরি হয়েছে। এক মাস আগে কার্যাদেশ দেয়া হয়েছে। আশা করি যথাসময়ে উক্ত প্যাকেজের কাজ সম্পন্ন করা যাবে।
ইত্তেফাক/এসি