মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ১১৭ বস্তা (সাড়ে তিন টন) ভিজিডির চাল উদ্ধার এবং দুই ক্রেতাকে আটক করেছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার দৈনিক বাজারের চাল বাজারের শিবলু হোসেন নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ঐ চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভুক্ত ও কার্ডধারী ৩১৫ দরিদ্রের মধ্যে চলতি আগস্ট মাসের ভিজিডির চাল বিতরণ করা হয়। কার্ডধারী ভোক্তারা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে পরিষদের সামনে ও আশপাশে অবস্থান করা চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। এর মধ্যে শিবলু হোসেন নামের এক ব্যবসায়ী ১১৭ ভোক্তার নিকট থেকে প্রতিটি ৩০ কেজির ১১৭ বস্তা চাল ক্রয় করেন।