মৃত্যু ৪ হাজার ছাড়াল, শনাক্ত ৩ লাখ ছুঁইছুঁই

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৭১ দিনের মাথায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরো ৪৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৮ জন। গত এক দিনে আরো ২ হাজার ৫৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। আইইডিসিআরের হিসেবে গত ২৪ ঘণ্টায়        হাসপাতালে ভর্তি ও বাড়িতে থেকে চিকিত্সা নেওয়া রোগীদের মধ্যে আরো ৩ হাজার ৮৮১ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। প্রায় এক মাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। তা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। এরপর ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়ায় ২২ জুন। করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ৮৫ দিন পর ৫ জুলাই মৃতের সংখ্যা ২ হাজারের ঘর ছাড়িয়ে যায়। এরপর তা আড়াই হাজারের ঘর ছাড়িয়ে যায় ১৭ জুলাই। ২৮ জুলাই সেই সংখ্যা ৩ হাজার স্পর্শ করে; ১২ আগস্ট পৌঁছায় সাড়ে ৩ হাজারে। তারপর ১৩ দিনের মাথায় মঙ্গলবার মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।