যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ত্রিপক্ষীয় একটি পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়কে কেন্দ্র করে তিন দেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি হওয়ায় এই বৈঠক বাতিল করা হয়। খবর আলজাজিরার
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রির অপেক্ষায় আছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আগামী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির বিরোধিতা করেন। মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিয়স জানায়, নেতানিয়াহুর বক্তব্যের পর আমিরাত শুক্রবার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে। তারা এই বার্তা দিতে চান যে, গত ১৩ আগস্ট দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু নেতানিয়াহুর বক্তব্য দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।