বাগেরহাটে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) করোনা আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিইন)। ফকির মো. মনসুর আলী ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একাধিকবার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে এই নেতার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়সহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের পরিবার জানিয়েছে, ফকির মো. মনসুর আলী মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় মর্যাদায় ওইদিন কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইত্তেফাক/এসি