তিন রুট বাদে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট বাদে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল মঙ্গলবার এয়ারলাইনসের পক্ষ থেকে এই তথ্য জানান হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর বাদে) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। বর্তমান ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। বিমানের সেলস সেন্টার জানিয়েছে, বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট চালু রয়েছে। তবে ১৮ আগস্ট থেকে ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত কুয়ালালামপুরের কোনো ফ্লাইট ঢাকা ছেড়ে যায়নি। এই ফ্লাইটের টিকিট বিক্রিও বন্ধ রয়েছে।