বাংলাদেশে শরণার্থী শিবিরগুলোতে গত তিন বছরে জন্ম নিয়েছে ৭৬ হাজার রোহিঙ্গা শিশু। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া ঐ শিশুদের সংখ্যা মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় ৯ শতাংশ। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ বছরের ৩১ মে পর্যন্ত কক্সবাজারে শরণার্থী শিবিরগুলোতে তিন বছরের কম বয়সি শিশুর সংখ্যা ৭৫ হাজার ৯৭১। সেভ দ্য চিলড্রেন বলেছে, এই শিশুরা যে পরিবেশে বেড়ে উঠছে তা তাদের বিকাশের জন্য উপযুক্ত নয়। সেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ খুব সীমিত, নাগরিকত্ব না থাকায় চলাফেরার স্বাধীনতা নেই। সম্পূর্ণভাবে সাহায্যের ওপর নির্ভর করে তাদের বাঁচতে হচ্ছে।