সিরাজুল ইসলাম মেডিক্যালকে ৩০ লাখ টাকা জরিমানা

রাজধানীর মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ রি-এজেন্টসহ সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স, স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, রোগের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, টেস্টিং কিট ব্যবহার, সঠিক তাপমাত্রায় রক্ত সংরক্ষণ না করা, অন্য হাসপাতাল থেকে রেগীদের নমুনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে প্রতিবেদন দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসব অভিযোগের সত্যতাও মিলেছে। ফলে হাসপাতালটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া বলেন, এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের যে আইসিইউতে রাখা হয়, তার পাশেই মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, যা কাম্য নয় এবং স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ইত্তেফাক/এসি