প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির এক নীতিনির্ধারণী বৈঠকে বুধবার এই আহ্বান জানান কিম।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির একটি বিশাল নীতিনির্ধারণী সভায় কিম করোনা এবং টাইফুন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি বন্যা এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার পর অর্থনৈতিক চাপে রয়েছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির এই বৈঠক অনুষ্ঠিত হলো।
একটি বিবৃতিতে কেসিএনএ'র পক্ষ থেকে বলা হয়, বৈঠকে করোনা মহামারি রোধে গৃহীত পদক্ষেপের কিছু ত্রুটি নিয়ে আলোচনা করা হয়।
উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি। কিন্তু গত মাসে উত্তর কোরিয়ায় এক ব্যক্তির দেহে করোনা উপসর্গ পাওয়া গেলে কঠোর লকডাউন জারি করা হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে থেকে বলা হয়েছে যে ওই ব্যক্তি করোনার পরীক্ষার ফল এখনো জানা যায়নি।
ইত্তেফাক/এআর