হবিগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ শহরে অনন্তপুর এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর ওই এলাকার আব্দুল মন্নাফের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আটক যুবকের নাম সুমন মিয়া (১৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, জাহাঙ্গীর ও সুমন দু’জনেই নির্মাণ শ্রমিক। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করেন সুমন। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যান জাহাঙ্গীর।

ওসি আরো জানান, ঘটনার পর সুমনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএম