লেবানন সীমান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার এই হামলার কথা জানিয়ে ইসরাইল বলেছে, এর আগের দিন সন্ধ্যায় তাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে গুলি চালানো হয়েছিল।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে লিখেছে, ইসরাইলের উত্তরাঞ্চলে অপারেশনাল কার্যক্রমকালে লেবানন থেকে আইডিএফ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে আমরাও লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ পোস্টে পাল্টা গুলি এবং বিমান হামলা চালাই।
দু’দেশের মধ্যবর্তী জাতিসংঘ চিহ্নিত ব্লু লাইন সীমান্তের মানারায় এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
ইসরাইল বাহিনী আরো বলছে, এটি একটি মারাত্মক ঘটনা। আমরা যে কোন হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, ইসরাইল ও লেবানন কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে। সেখানে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে জাতিসংঘ বাহিনী ইউএনআইএফআইফিল। এটি ১৯৭৮ সালে গঠিত হয়। ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ’র মধ্যে ২০০৬ সালে মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়।
এদিকে ইসরাইল অভিযোগ করছে, নতুন যুদ্ধের প্রস্তুতি হিসেবে হিজবুল্লাহ সীমান্তে অস্ত্র মজুদ করছে।
ইত্তেফাক/জেডএইচডি