বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, নিখোঁজ ১

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার নৌপথে বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

অপর দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারের মাল্লা শিবালয়ের বুরুরিয়া গ্রামের মো. তরুন মোল্লা (৫৮) ও পাটুরিয়া এলাকার মো. সবজাল হোসেন (৩৬) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের মাঝি শিবালয় উপজেলার কাউলিকান্দি গ্রামের মো. শরিফ উদ্দিন (৩০) এখনো নিখোঁজ রয়েছেন। প্রচণ্ড বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় টেউয়ের গতি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। 

লঞ্চ চলাচলে যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করার পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: করোনাকালীন সময়ে নানা কর্মকাণ্ডের আলোকবর্তিকা লিটন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) সূত্র থেকে জানা গেছে, পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এখনও নদীতে তীব্র স্রোত ও প্রচণ্ড ঢেউ রয়েছে। এমতাবস্থায় সকাল থেকেই প্রচণ্ড বাতাসের কারণে নদী উত্তাল হয়ে ওঠে। যে কারণে নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল সাড়ে ৮ টা থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এ সময় লঞ্চঘাট দিয়ে নদী পাড়ি দিতে আসা যাত্রীদের বিকল্প পথে ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপারভাইজার মো. কোরবান আলী বলেন, ‘এই নৌ বন্দরে ২ নম্বর বিপদ সংকেত চলছে। ট্রলার ডুবিতে ১ জন নিখোঁজ রয়েছেন।পদ্মা নদীর উত্তাল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চে যাত্রী পারাপার বন্ধ থাকবে। লঞ্চ যাত্রীদের বিকল্প পথ হিসাবে ফেরিতে নদী পাড়ি দিতে অনুরোধ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম