ইত্তেফাক রিপোর্ট
করোনাকালীন আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রীন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা গতকাল স্কুলের সামনে মানববন্ধন করেছেন। এর আগে টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছিলেন অভিভাবকরা।
গতকাল সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনা মহামারিতে দেশের অন্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কেউ মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়িভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় বেতন ৫০ শতাংশ কমাতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন তারা।