পোশাকশ্রমিকদের এক-তৃতীয়াংশ পরিবারের একমাত্র উপার্জনকারী

সানেমের জরিপ

ইত্তেফাক রিপোর্ট

বর্তমানে পোশাক খাতে কাজ করা শ্রমিকদের ৩৪ শতাংশ বা এক-তৃতীয়াংশই পরিবারের একমাত্র উপার্জনকারী। এসব শ্রমিকের আয়েই তাদের বাসাভাড়াসহ পরিবারের অন্য সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা হয়। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী নারীর মধ্যে ২৬ শতাংশ ও পুরুষের মধ্যে ৬০ শতাংশ জানিয়েছেন, তারাই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারী শ্রমিকদের মধ্যে দুই-তৃতীয়াংশ জানিয়েছেন, তাদের পরিবারে তারা ছাড়াও আরো অন্তত একজন উপার্জনকারী রয়েছেন।

বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়ন করতে এ জরিপ কাজটি চালানো হয়। গত প্রায় চার মাস ধরে চলমান এ জরিপের ফলাফল ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। জরিপে ১ হাজার ৩৬৭ শ্রমিক অংশ নেয়। চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের জরিপে অন্তর্ভুক্ত করা হয়। গতকাল বুধবার জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।