চট্টগ্রামের আদালতে পুলিশ পরিদর্শক লিয়াকতসহ সাত জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলার টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ তিন পুলিশ কর্মকর্তা এবং আরো চার জনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। ব্যবসায়ীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় ও পরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আনা হয় মামলাতে। একই মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ আরো ছয় জনকে অভিযুক্ত করা হলেও আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে সেটি মামলা হিসেবে  গ্রহণের আবেদন করেন বাদী। কিন্তু আদালত তিন পুলিশ কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী এস এম জসিম উদ্দিন নগরীর পতেঙ্গা থানার নাছিরনগর এলাকার বাসিন্দা বলে জানান বাদীর আইনজীবী জুয়েল দাশ।

আদালত সূত্র জানায়, মামলায় অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম মহানগরী গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এসআই লিয়াকত আলী এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাবেক এসআই নজরুল ও হান্নান। এছাড়া এস এম সাহাবুদ্দিন, বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও জিয়াউর রহমান নামে আরো চার জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে লিয়াকত আলী কক্সবাজারের টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক থাকা অবস্থায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার অভিযোগে সম্প্রতি বরখাস্ত হয়েছেন।