সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চার স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীম মিয়া নামে এক চিত্রশিল্পী নিহত হয়েছেন। এ সময় আরো একজনের হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। শামীম মিয়া বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়।

ভালুকা (ময়মনসিংহ) :ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।।

নওগাঁ :ধামইরহাটে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা আইরন বিবির (৭৮)। মঙ্গলবার উপজেলার ধামইরহাট ইউনিয়নের নেউটা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আইরন বিবি ঐ গ্রামের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী।

শেরপুর (বগুড়া) :শেরপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মো. রুবেল সরকার (৪০) নিহত হয়েছেন। এ সময় আরো চার জন যাত্রী গুরুত্বর আহত হন। রুবেল উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের বাসিন্দা। গতকাল শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের হুসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।