রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করুন

রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতার মূল কারণ নিরসন ও তাদের নিরাপদ, স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গতকাল বুধবার তার মুখপাত্রের প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সংকটের কারণে ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে সংহতি অব্যাহত রাখবে জাতিসংঘ। একইসঙ্গে মিয়ানমারে টেকসই উন্নয়ন, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক ও সব স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নে পুরো দায়িত্ব মিয়ানমার কর্তৃপক্ষের। যারা সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, দ্রুত মানবিক দুর্ভোগের সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি সংকট নিরসনে জবাবদিহিতা অপরিহার্য। মঙ্গলবার রোহিঙ্গা সংকট শুরুর তিন বছর পার হয়েছে। তিনি আরো বলেন, রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘুদের প্রধানত মুসলিম, রোহিঙ্গা এবং অন্যান্য সম্প্রদায়কে জোরপূর্বক বাস্তুতচ্যুত করার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড়।