রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ওপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলার তিন বছর পূর্তিতে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাখাইন রাজ্যে সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে সহিংসতার অবসান, সংলাপ, স্থানীয় জনগণের সুরক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখা এবং মিয়ানমারে মানবিক সহায়তার বাধামুক্ত প্রবেশের দাবি জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে আরো বলেন, রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে এবং রাখাইন রাজ্য বিষয়ে কফি আনানের নেতৃত্বে পরিচালিত এডভাইজরি কমিশনের দেওয়া সুপারিশসমূহ বাস্তবায়নে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকট সমাধানে বিশ্বের অন্যান্য দেশের প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাই।