নতুন সরকারি হওয়া ২৯৯টি কলেজের শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
এর মধ্যে রয়েছে : ২৬ থেকে ৩১ আগস্ট প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র প্রদান ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ। এছাড়া সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে ৪ অক্টোবর দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন এবং আগামী ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম ও সহসভাপতি জাকারিয়া মাহমুদ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সরকারি হওয়ার আদেশ জারির সময় কর্মরত সব শিক্ষক-কর্মচারীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ, প্রতিষ্ঠানের ত্রুটির কারণে শিক্ষক-কর্মচারী আত্তীকরণে হয়রানি না করা এবং ২০১৮ সালের শিক্ষক ও কর্মচারী বিধিমালার অসংগতি ও বৈষম্য দূর করাসহ আত্তীকরণে উপবিধি তৈরির দাবি জানানো হয়।
শিক্ষকরা অভিযোগ করেন, কাগজপত্র বারবার যাচাই-বাছাইয়ের নামে সময়ক্ষেপণ ও দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষক-কর্মচারীরা সরকারিকরণের সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ৪ হাজার শিক্ষক-কর্মচারী সরকারিকরণের সুবিধা না পেয়েই অবসরে চলে গেছেন। ২৯৯টি কলেজে বর্তমানে কর্মরতদের মধ্যে যাদের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে তাদের নাম কর্তন করে পদ সৃজনের প্রস্তাব দেওয়া হচ্ছে। যা অযৌক্তিক, অমানবিক, বৈষম্যমূলক ও নিয়মবহির্ভূত।