মাইন্ড কোয়েস্ট ২০২০’ আয়োজন করেছে মনোসেবা

বাংলাদেশের প্রথম বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান মনোসেবা। প্রতিনিয়ত বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার মনোসেবা অর্গানাইজেশন আয়োজন করতে যাচ্ছে একটি অনলাইন প্রতিযোগিতা ‘মাইন্ড কোয়েস্ট’। যেখানে প্রতিযোগিরা তাদের বিশেষ বিষয়ে দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন। এ নিয়ে মনোসেবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেসমিন নীরা জানান, করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে প্রতিযোগিতাটির মাধ্যমে সবার মাঝে ইতিবাচক মনোভাব তৈরী ও মানুষকে প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে অনুপ্রাণিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতাটিকে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিযোগিরা তাদের বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবেন। মোট পুরষ্কারের টাকা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সকলের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। সব বয়সী ব্যক্তিরাই এতে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন এ ইভেন্টটিতে অর্থের পাশাপাশি পুরষ্কার হিসেবে থাকছে সার্টিফিকেট প্রদান। প্রতিটি ক্যাটাগরি থেকে নির্বাচিত বিজয়ীদের কাজ প্রকাশ করা হবে মনোসেবা অর্গানাইজেশনের ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইটে।

আনুষ্ঠানিকভাবে ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই ইভেন্টের ফলাফল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বর, ২০২০।

ইভেন্টিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক ও একাত্তর জার্নাল। পাশাপাশি নলেজ পার্টনার ও টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে মাইন্ড ওয়ার্কস এবং প্রলিফিক টেক সলিউশন। একই সাথে ১০ টি নামকরা ক্লাব পার্টনার নিয়ে ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক কল ফর নেশন হ্যাকাথনে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মনোসেবা অর্গানাইজেশন। এরই মধ্যে প্রায় দশ হাজার মানুষকে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করেছে মনোসেবা। সেই সাথে প্রতিষ্ঠানটির রয়েছে দেশের সর্বপ্রথম মানসিক স্বাস্থ্য সম্পর্কিত মোবাইল আ্যপ ও দেশের সর্ববৃহৎ অনলাইন ডেটাবেজ। পাশাপাশি ১৫ জন অভিজ্ঞ সাইকোলজিস্ট নিয়ে স্বল্পমূল্যে উন্নত সেবা দিয়ে যাচ্ছে মনোসেবা অর্গানাইজেশন।

ইত্তেফাক/এএম