রাজশাহীতে বাস থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে মণি (২২) নামে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মণি নগরীর হাজরাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। তার লাশ বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের ওই বাস থেকেই উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি। আমরা দুপুরের দিকে গিয়ে শুধুমাত্র তার মরদেহ উদ্ধার করলাম। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই আমরা মরদেহ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবো। এরপর আমরা তদন্ত কাজ অব্যাহত রাখবো।

ইত্তেফাক/এমআরএম