আহল আল-বাইতের প্রতি ভালোবাসা

আহল আল-বাইত আরবি শব্দ। এর অর্থ গৃহের লোক বা গৃহের পরিবার। ইসলাম প্রচারের পূর্বে আহল আল-বাইত আরব উপদ্বীপ গোত্র শাসক পরিবারের জন্য ব্যবহার করা হতো। বর্তমানে ইসলামি ঐতিহ্য অনুসারে আহল আল-বাইত ইসলামের নবি পরিবারকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। (সূত্র:উইকিপিডিয়া)। হজরত উসামা ইবনে যায়দ (রা) বর্ণনা করেন, আমি রসুল (স) এর খেদমতে আসলাম। আমি দেখতে পেলাম, তিনি এমনভাবে কম্বল জড়িয়ে বসে আছেন মনে হলো তার ভেতরে কিছু লুকিয়ে রেখেছেন। আমি জিগ্যেস করলাম, ইয়া রসুলুল্ল­াহ কম্বলের ভেতরে কি যেন লুকিয়ে আছে? রসুল (স) সঙ্গে সঙ্গেই কম্বলটি খুলে দিলেন। তখন আমি দেখতে পেলাম, রসুল (স) এর কোল মোবারকে বসে আছেন হজরত হাসান ও হজরত হোসাইন। এরপর রসুল (স) বললেন, হে আল্লাহ! আমি দুই জনকে ভালোবাসি। সুতরাং তুমিও এদেরকে ভালোবাস। অন্যভাবে বলা যায়, হজরত ইবনে আব্বাস (রা) বলেন, যখন রসুল (স) এর নিকট সুরা শুরার ২৩ নং আয়াত নাজিল হলো ‘হে রসুল (স) আপনি বলে দিন আমি তোমাদের কাছ থেকে বিনিময় চাই না, তবে কেবল আমার নিকট আমার নিকটজনের প্রতি মহব্বত চাই’। তখন সাহাবিরা বললেন, ইয়া রসুল (স) কারা আপনার নিকটজন? যাদের প্রতি আমাদের ভালোবাসা আবশ্যক। রসুল (স) বললেন, ‘হজরত আলী, হজরত ফাতেমা ও  তাদের সন্তানগণ’। (তাবরানী)। আহল আল-বাইতের গুরুত্ব অত্যধিক। আহল আল-বাইতের গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল (স) বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। তোমরা আঁকড়ে ধরলে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে, আল্ল­াহর কিতাব এবং আমার পরিবার পরিজন তথা আহল আল-বাইত। নিশ্চয়ই এ দুটি কখনো বিচ্ছিন্ন হবে না। যে পর্যন্ত না তারা আমার কাছে আমার হাউজে কাউছারের নিকট অবতরণ না করে। সুতরাং আমার পরে তাদের সঙ্গে তোমরা কী আচরণ করছ তা লক্ষ্য রেখ’। (তিরমিজি)। আল্লাহ এবং তার নবি মুহাম্মাদকে (স) ভালোবাসা ঈমানের পরিচায়ক। যে ব্যক্তি রসুলকে (স) ভালোবাসে না সে কখনো ঈমানদার হতে পারে না। রসুলের ভালোবাসা পেতে হলে আহল আল-বাইতদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। এ ব্যাপারে তিরমিজি শরিফে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, রসুল (স) বলছেন, আল্ল­াহ তার নেয়ামতরাজি দ্বারা তোমাদেরকে যেভাবে পানাহার করান তার জন্য তাকে ভালোবাস এবং আল্ল­­াহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাস। আমার ভালোবাসা পেতে আমার পরিবার পরিজনকে ভালোবাস’। অন্যত্র রসুল (স) এর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক (রা) বলেন, তোমরা আমাদের রসুল (সা.) এর সম্মান রক্ষা করবে, তার পরিবারবর্গকে সম্মান রক্ষার মাধ্যমে। (বুখারি শরিফ)। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে নবি পরিবারের সদস্যবর্গ, আল্ল­াহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূতপবিত্র রাখতে’। (সূরা আহযাব:৩৩)

lলেখক :খতীব ও ধর্মীয় গবেষক