গত ২৭ আগস্ট ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে ‘লিচু চোর’ ছড়াটি প্রকাশ করা হলো।

লিচু চোর

বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল-কুকুরে

সে কি বাস্ করলে তাড়া,

বলি থাম্ একটু দাঁড়া।

 

পুকুরের ঐ কাছে না

লিচুর এক গাছ আছে না

হোথা না আস্তে গিয়ে

য়্যাব্বড় কাস্তে নিয়ে

গাছে গ্যে যেই চড়েছি

ছোট এক ডাল ধরেছি,

ও বাবা, মড়াত্ করে

পড়েছি সড়াত্ জোরে!

 

পড়বি পড় মালীর ঘাড়েই,

সে ছিল গাছের আড়েই।

ব্যাটা ভাই বড় নচ্ছার,

ধুমাধুম গোটা দুচ্চার

দিলে খুব কিল ও ঘুসি

একদম জোরসে ঠুসি!

 

আমিও বাগিয়ে থাপড়

দে হাওয়া চাগিয়ে কাপড়

লাফিয়ে ডিঙনু দেয়াল,

দেখি এক ভিটরে শেয়াল!

আরে ধ্যাত্ শেয়াল কোথা?

ভোলাটা দাঁড়িয়ে হোথা

দেখে যেই আঁতকে ওঠা

কুকুরও জাড়লে ছোটা!

আমি কই কম্ম কাবার

কুকুরেই করবে সাবাড়!

 

‘বাবা গো মা গো’ বলে

পাঁচিলের ফোঁকল গলে

ঢুকি গ্যে বোসদের ঘরে,

যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,

চুরিতে আর যদি যাই!

তবে মোর নামই মিছা!

কুকুরের চামড়া খিঁচা

সেকি ভাই যায় রে ভুল—

মালীর ঐ পিটুনিগুলা!

কি বলিস্? ফের হপ্তা!

তৌবা-নাক খপ্তা!