টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ইংল্যান্ডের দাপট ধরে রাখার চ্যালেঞ্জ

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান বিশ্বের অন্যতম সফল দল ইংল্যান্ড। টেস্টেও তারা সেই দাপটটা দেখাচ্ছে। সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে তারা। সীমিত ওভারের ক্রিকেটে এই দাপটটা ধরে রাখার লক্ষ্যে আজ থেকে পাকিস্তানের বিপক্ষে নামনে এউইন মরগ্যানের দল।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যানচেস্টারে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা; এই ম্যাচটি দিবারাত্রির। এ ছাড়া সিরিজের বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর; এই ম্যানচেস্টারেই।

দুই দলেই টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে নতুন অধিনায়ককে। ইংল্যান্ডের দায়িত্ব জো রুটের কাছ থেকে চলে যাবে আজ থেকে মরগ্যানের হাতে। ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক নেতৃত্ব দেবেন তাদের। আর পাকিস্তানে আজহার আলীর থেকে দায়িত্বটা চলে যাবে বাবর আজমের কাছে। ইংল্যান্ডের এই ম্যাচের আগে একটা খারাপ খবর হলো, খেলতে পারবেন না তাদের বিধ্বংসী ওপেনার জেসন রয়। সাইড স্ট্রেইন চোটে ভুগছেন ইংল্যান্ডের বিধ্বংসী এ ওপেনার। রয়ের চোট পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ডের ১৪ সদস্যের দলে থাকা রয় চলতি সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে অনুশীলনের সময় চোট পান। বুধবার স্ক্যান করানোর পর দিন এলো এই সিদ্ধান্ত।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি রেকর্ড সবসময়ই ভালো। এই ফরম্যাটে দুই দল ১৫টি ম্যাচ খেলেছে, আর ১০টিই জিতেছে ইংলিশরা।