সিপাইডাঙ্গা সেতুর সংযোগ সড়কে ধস

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর সিপাইডাঙ্গা ঘাটের ওপর এলজিইডির আওতাধীন একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন উপজেলার হাজার হাজার মানুষ। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,  ব্রিজটির পশ্চিম দিকে সংযোগ সড়কটি ধসে গেছে।  ফলে ঐ সড়ক দিয়ে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। মানুষজন কোনোরকমে হেঁটে কিংবা সাইকেলে করে ব্রিজ দিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা আমিনুর মিয়া, সামছুল হক, আলী হোসেন জানান, ঠিকাদার যমুনেশ্বরী নদী থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্রিজের দুই পাশে বালু ভরাট করে সেই বালু দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করেছেন। বালু দিয়ে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক করার কারণে সড়কটি ধসে গেছে। বর্তমানে পথচারী কোনোরকমে হেঁটে চলাচল করছে। সড়কটি ধসে যাওয়ার কারণে ভারী যানবাহন ও মালামাল পরিবহন বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ব্রিজটির সংযোগ সড়ক ঠিক করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। দুই-একদিনের মধ্যে সড়কটি মেরামত করা হবে।