কয়েক দিনের টানা বৃষ্টিতে মোংলা পোর্ট পৌরসভার নিম্নাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা, ঘরবাড়ি ও দোকান। এদিকে পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। গত কয়েক দিন ধরে নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে দিন-রাতে দুইবার প্লাবিত হচ্ছে করমজল। ফলে এখানকার কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্রের ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ। বর্তমানে করমজল প্রজনন কেন্দ্রে ৩৬টি হরিণ, ৩০০টি বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ ও ১৯৩টি লবণ পানি প্রজাতির কুমির রয়েছে। বনের অভ্যন্তরে অতিরিক্ত পানি ওঠায় নষ্ট হয়েছে বন্যপ্রাণীর প্রজনন ও আবাসস্থল।