সাগর উত্তাল

ফিশিংবোট নিয়ে নিরাপদ আশ্রয়ে জেলেরা

বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিংবোট বহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। দুই সপ্তাহ মাছ ধরতে না পারায় আর্থিক লোকসানে পড়ে মত্স্যজীবীরা দুশ্চিন্তায় আছেন। বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ এম সাইফুল ইসলাম খোকন জানান, শরণখোলা অঞ্চলের অনেক ফিশিংবোট সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজারসহ উপকূলের মহিপুর, আলীপুর, পাথরঘাটা এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে এবং কিছু বোট ঘাটে ফিরে এসেছে। তিনি আরো বলেন, এমনিতে সাগরে মাছ নেই তার ওপর গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া জেলেদের কাছে মড়ার ওপর খাঁড়ার ঘার সমান।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে আবহাওয়া খারাপের কারণে জেলেরা সমুদ্রে মাছ ধরতে না পারায় ফিশিংবোট মালিকরা লাখ লাখ টাকা লোকসান দিচ্ছেন। আগামী দিনগুলো তারা কীভাবে চলবেন সে চিন্তায় চোখে এখন অন্ধকার দেখছেন বলে জানান। সুন্দরবনের জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় মুঠোফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। সাগরে টিকতে না পেরে অনেক ফিশিংবোট দুবলার মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী, নারিকেলবাড়িয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।