রায়পুরায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার এসআই কাজী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাত্তাকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লা, কাদির মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দেলোয়ার প্রতিপক্ষের বাড়ির ওপর দিয়ে ধানের বস্তা নিয়ে যাওয়ার সময় জলিলের লোকজন হামলা চালায়। দেলোয়ারকে বাঁচাতে তার বাবাসহ লোকজন এগিয়ে আসলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত দেলোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।