টিলা কাটার দায়ে কাউন্সিলরের ভাইকে জরিমানা

নগরীর গোয়াবাড়ী এলাকায় টিলা কাটার দায়ে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানের ভাই নুর উদ্দিনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর ঐ জরিমানা করে। এছাড়া যানবাহন ব্যবহারে আরো সতর্ক হতে সিলেট সিটি করপোরেশনকেও (সিসিক) সতর্ক করা হয়। সিলেট সিটি করপোরেশনের খনন যন্ত্র ও ট্রাক ব্যবহার করে এই টিলা কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, সিটি করপোরেশনের যানবাহন নিয়ে টিলা কাটার ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে টিলা কাটার মূল হোতা নূর উদ্দিনকে তলব করা হয়। শুনানি শেষে তাকে ঐ জরিমানা করা হয়। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ির চালকসহ তিন জনকে ভবিষ্যতে এ রকম কাজ না করার জন্য মুচলেকা নেওয়া হয়।