জয়পুরহাটে ব্ল্যাকমেইল ও অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার জেলা শহরের রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফেসবুক গ্রুপে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করা এবং টিকটক ভিডিও এডিটিং করে কুরুচিপূর্ণভাবে ফেসবুকে প্রকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি প্রদান, অর্থ আদায় এবং অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা হচ্ছে জেলা শহরের আরামনগর এলাকার আতিকুর রহমান রাহি ও ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের ইকবাল হোসেন রনি। তাদের কাছ থেকে মোবাইল সেট দুইটি, চারটি সিম কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।