সংবাদ সংক্ষেপ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রোপা আমনের চারা বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রাজারহাটের নাজিমখান ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬৬ জন কৃষকের মধ্যে কমিউনিটি বীজতলায় উত্পাদিত নাবি জাতের রোপা আমনের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নাজিমখান বাজার সংলগ্ন এলাকায় রোপা আমনের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।

লক্ষ্মীরামপুর বিদ্যালয় ভবন নির্মাণকাজের উদ্বোধন

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দার লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার টেলিকনফারেন্সের উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইমন পারভেজ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।

মীর্জাগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে বৃহস্পতিবার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মীর্জাগঞ্জ উপজেলাসহ দেশের ৩১টি উপজেলায় একযোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিক, ইউএনও মো. সরোয়ার হোসেন, আওয়ামী লীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার, রাজশাহী কোভিড-১৯ মোকাবিলায় সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে উন্নয়ন সংগঠন লাইট হাউজ। বৃহস্পতিবার রাজশাহীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে জুম প্ল্যটফরমের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলায় সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লাইট হাউজ প্রধান নির্বাহী মো. হারুন অর রশিদ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য উপস্থাপন ও সঞ্চালনা করেন।

শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে অটিজমসহ একীভূত শিক্ষা বাস্তবায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার হুইল চেয়ার, ক্রাচ ও চশমা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা অফিস আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদার তেরেসার জন্মদিন পালন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে মাদার তেরেসার ১১০তম জন্মদিন পালন করেছে গোলাপ খাঁ শিশু সদন। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় সদন প্রাঙ্গণে অতিথি ও সদনের ৮০ জন অনাথ শিশুকে নিয়ে ১১০টি মোমবাতি প্রজ্বালন করে জন্মদিনের কেক কাটেন গোলাপ খাঁ ট্রাস্টের পরিচালক বিলকিছ বানু। পরে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাষকলাইচাষিদের প্রণোদনা

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা মাষকলাই উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে জীবননগরে মাষকলাই চাষিদের মধ্যে বৃহস্পতিবার সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে ৫০০ কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান কৃষকদের হাতে বীজ এবং রাসায়নিক সার তুলে দেন। জীবননগর উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে ইউএনও এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান হয়।