বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে বাড়ছে ওয়ালটন পণ্যের রপ্তানি। এরই ধারাবাহিকতায় ইউরোপের পঞ্চম জনবহুল দেশ পোলান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করল ওয়ালটন। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড ‘অপটিকাম’-এর মাধ্যমে ইতিমধ্যেই পোলান্ডে টিভির প্রথম শিপমেন্ট পাঠিয়েছে ওয়ালটন। এর ফলে ইউরোপে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের বাজার সম্প্রসারণে আরো এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
সম্প্রতি পোলান্ডের ব্র্যান্ড ‘অপটিকাম’-এর সঙ্গে এ বিষয়ে ওয়ালটনের একটি চুক্তি হয়। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান অঞ্চলের বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোলান্ড থেকে যোগ দেন ‘অপটিকাম’-এর সিইও রিচার্ড গ্র্যাবসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ বলেন, মধ্য ইউরোপের কেন্দ্রে অবস্থিত পোল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। ৩৮ মিলিয়ন জনসংখ্যার দেশ পোল্যান্ড ‘নতুন’ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোর মধ্যে একক বৃহত্তম বাজার। —প্রেস বিজ্ঞপ্তি