সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আগের দিনের মতো গতকাল বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ডিএসইতে ডিএসইএক্স ৪৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৩ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩০ দশমিক ৬১, ১ হাজার ৬৯০ দশমিক ১০ ও ৯৮৮ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৩ দশমিক ০২ পয়েন্টে।