মাছরাঙায় সপ্তাহে ৫ নাটক, ১ টেলিফিল্ম

মাছরাঙা টেলিভিশন আগামী মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিফিল্ম প্রচার করবে চ্যানেলটি। প্রতি শুক্রবার রাত ৯ টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত ৮টা ৩০ মিনিটে টেলিফিল্ম প্রচারিত হয় নিয়মিতভাবে।

এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে আরো চারটি একক নাটক। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১ টায় একক নাটক প্রচার হবে। সবমিলিয়ে সপ্তাহে পাঁচটি একক নাটক এবং একটি টেলিফিল্ম দেখতে পাবেন দর্শকরা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নতুন সূচী।

এ দিন রাত ১১ টায় প্রচারিত হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিনসহ আরও অনেকে।

নাটকের এই নতুন সূচী সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এ এম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিফিল্ম প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শকশ্রেনী তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খন্ড নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা খন্ড নাটক আরও বেশি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’