রাঙ্গার স্থলে সাদ এরশাদ রংপুর মেডিকেল কলেজের সভাপতি

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়ে রংপুর সদর আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে নতুন সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ১৩ মে ২০১৫ সালে জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় সংসদ সদস্য হিসেবে এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়।

উল্লেখ্য, রংপুর সদর আসনের সংসদ সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মৃত্যুবরণ করার পর রংপুর সদর আসন শূন্য হয়ে যাওয়ায় গঙ্গাচড়ার সাংসদ মসিউর রহমান রাঙ্গাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।