ফরিদপুর পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি

করোনা মহামারির কারণে দেশের সকল শ্রেণির ব্যবসায়ী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অনেকেই দোকানভাড়া, কর্মচারীর বেতন, ব্যাংকঋণের কিস্তি পরিশোধ এমনকি সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন। এ বছর নববর্ষ, রোজার ঈদ ও কোরবানির ঈদের মতো গুরুত্বপূর্ণ উত্সবে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে বা ব্যবসা করতে পারেননি। করোনা ব্যবসা-বাণিজ্যের যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের হয়তো আরো অনেকদিন লাগবে। অথচ ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ এর মধ্যে একেবারে অযৌক্তিভাবে ট্রেড লাইসেন্স নবায়ন ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকেও লাইসেন্স নবায়ন করতে গত বছরের চেয়ে ৭০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে এই বাড়তি টাকা দেওয়া অবশ্যই কষ্টকর। আশা করি, স্থানীয় সরকার বিভাগ বিষয়টির প্রতি দৃষ্টি দেবে এবং বাড়তি টাকা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর