করোনা বিস্তার রোধে এ বছর আশুরার দিনে কারবালা ময়দানের শোকাবহ ঘটনা স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের শোকের মিছিল বা তাজিয়া স্থগিত করায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএসসিসি মেয়র বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ। তাই ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে হূদয়ঙ্গম করার মাধ্যমে শিয়া মুসলিম সম্প্রদায় এ বছর তাজিয়া না করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সৃষ্টির শ্রেষ্ঠ সত্তা হিসেবে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ প্রদর্শনের বৃহত্তম পরিচায়ক। জনগণ তথা দেশের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আচরণের বহিঃপ্রকাশ। আগামী ৮, ৯ ও ১০ মহররম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়াগুলোতে সীমিত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান পালন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘শিয়া মুসলিম সম্প্রদায় এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পবিত্র আশুরা পালন করতে যাচ্ছেন। তাই শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের সীমিত পরিসরের এই আয়োজনেও অংশগ্রহণ হতে বিরত থাকার আহ্বান জানাই।