টঙ্গীর চাঞ্চল্যকর স্কুলছাত্র ইনজামুল হক হত্যা মামলায় ইব্রাহিম হোসেন সুমন ও মো. সাহেব আলীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি নাহিদ ইসলাম নাহিদকে দেওয়া হয়েছে ১০ বছরের দণ্ড। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে মামলার পলাতক আসামি মো. হান্নানকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আদালতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফজলুল হক খান ফরিদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ শুনানি করেন।
২০১৪ সালের ২৮ আগস্ট টঙ্গীর চাঞ্চল্যকর স্কুলছাত্র ইনজামুল হক হত্যা মামলার রায়ে টঙ্গীর আউচপাড়ার ইউসুফ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন সুমন, একই এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম নাহিদ ও হাজী মো. মোতালেব হোসেনের ছেলে মো. সাহেব আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।