কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। গত ১৪ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। এর পর তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ আগস্ট তাকে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর থেকে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।
আরিফুর রহমান ১৯৭৮ সালের ২৭ ফেব্রুয়ারি খুলনা জেলার রুপসা থানায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি উপ-পরিদর্শক হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৯ সালে ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক বছর বয়সি শিশুকন্যা রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে তার প্রথম জানাজা শেষে পুলিশ বাহিনীর ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে দৌলতপুর থানা সূত্র জানিয়েছে। উল্লেখ্য, করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে তিনি দৌলতপুরে জনসচেতনতা বৃদ্ধিসহ করোনা নিয়ন্ত্রণে সর্বদা তত্পর ছিলেন।