মিঠাপুকুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ভেতর থেকে শক্তি রায় নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শক্তি রায় বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার অ্যালেন চন্দ্রের ছেলে।
জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় কর্মরত ছিলেন শক্তি রায়ের ভগ্নিপতি পরিমল চন্দ্র। তার মৃত্যুর পর ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পান পরিমলের স্ত্রী অঞ্জনা রানী রায়। গত কয়েক দিন ধরে অঞ্জনা অসুস্থ ছিলেন। এ সময় কাজ করতে পাঠান ছোট ভাই শক্তি রায়কে। এর মধ্যে গত বুধবার নৈশ প্রহরী আব্দুল জলিল ছুটি নেন। ঐ রাতে পাহারার জন্য দায়িত্ব দেওয়া হয় শক্তি রায়কে। দিনের বেলায় কাজ করে রাতের ব্যাংকের ভেতরে ঘুমিয়ে পড়েন শক্তি রায়। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের দরজা-জানালা খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা করার কথা, কিন্তু দীর্ঘ সময়ে দরজা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হলে খবর দেওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপক মাহনুর রহমানকে। পরে ব্যবস্থাপক তালা ভেঙে ভেতরে ঢুকে শক্তি রায়কে মৃত্যু অবস্থায় দেখতে পান।
শাখা ব্যবস্থাপক জানান, কয়েক দিনের জন্য বোনের দায়িত্ব পালন করছিল শক্তি রায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে ব্যাংকের কোনো কাগজপত্র খোয়া যায়নি বলে তিনি জানান।