‘৯৯৯’-এ ফোন

নাটোরে ঝড়ের কবলে পড়া নৌকার ৪০ যাত্রীকে উদ্ধার করল পুলিশ

 ‘৯৯৯’ এ ফোন পেয়ে নাটোর জেলা পুলিশ ঝড়ের কবলে পড়া এক নৌকার ৪০ জন যাত্রীকে উদ্ধার করেছে। সারা রাত ধরে অনেক চেষ্টা করে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের গুরুদাসপুর থানাধীন যোগেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে পাঁচ শিশু, ১২ জন নারী এবং ২৩ জন পুরুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে ৪০ জনের ঐ দলটি সিংড়া উপজেলার চলনবিলে বেড়াতে আসে। বেড়ানোর এক পর্যায়ে তারা সন্ধ্যে সাড়ে ৭টার দিকে বিলের মাঝখানে তিসিখালী মাজারে যান। সেখান থেকে তারা মাজার জিয়ারত এবং খাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে নৌকাযোগে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তিন ঘণ্টা চলার পর বুঝতে পারেন যে তারা পথ হারিয়ে ফেলেছেন। এর মধ্যে প্রবল ঝড়বৃষ্টি, সেই সঙ্গে বিলের বড় বড় ঢেউয়ের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা ‘৯৯৯’ এ কল করে সাহায্য চান। সেই কল পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের পাঁচটি টিম সারা রাত ধরে খুঁজে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকা থেকে তাদের উদ্ধার করে নিরাপদে আত্রাই সীমানায় পৌঁছে দেয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা ডুবে তাদের ৪০ জনেরই প্রাণহানি ঘটতে পারত। নৌকায় যথেষ্ট পরিমাণ আলো এবং লাইফ জ্যাকেট ছাড়া তাদের এভাবে ভ্রমণ করাটা মোটেও ঠিক হয়নি।